― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

উচ্চশিক্ষায় তৃতীয় ভাষা শেখাতে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইউজিসি

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরিতে চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এ লক্ষ্য বাস্তবায়নে আগামী তিন মাসের মধ্যে ৩০টি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ‘ল্যাঙ্গুয়েজ সেন্টার’ প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) ইউজিসি কার্যালয়ে চীনা দূতাবাস এবং চীনের জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির এক যৌথ প্রতিনিধিদলের সাথে দ্বিপক্ষীয় বৈঠককালে ইউজিসি চেয়ারম্যান এসব তথ্য তুলে ধরেন।

ইউজিসি জানায়, বর্তমানে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু রয়েছে। নতুন করে আরও ২০টি বিশ্ববিদ্যালয়ে এ কেন্দ্র স্থাপন করা হবে। ফলে মোট ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠ্যক্রমের আওতায় নতুন ভাষা শেখার সুযোগ পাবেন। বাংলাদেশ ও চীনের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় বাণিজ্য, উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত চাহিদার কথা মাথায় রেখেই এ পদক্ষেপ।

বৈঠকে অধ্যাপক মামুন আহমেদ উল্লেখ করেন, ভাষা যেন আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারত্বের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্যই এই কৌশলগত সিদ্ধান্ত। তবে চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে দেশে পর্যাপ্ত প্রশিক্ষক না থাকায় চীনকে শিক্ষক প্রশিক্ষণে সহযোগিতার আহ্বান জানানো হয়। বিশেষ করে বাংলাদেশি প্রশিক্ষকদের ফ্রন্টলাইন ট্রেনিং প্রদান এবং চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষা কোর্স চালুর প্রস্তাব দেন তিনি।

দ্বিপক্ষীয় এ আলোচনায় বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, পাঁচ বছর মেয়াদি শিক্ষা রূপান্তর কর্মসূচি, কারিগরি শিক্ষা সংস্কার এবং স্নাতকদের কর্মসংস্থান তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে স্কলারশিপ ও পেশাদার ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর আহ্বান জানানো হয়।

চীনা প্রতিনিধিদলের পক্ষে কালচার কাউন্সেলর লি শাওফেং জানান, তাদের ‘গ্লোবাল টিচার্স ট্রেনিং প্রোগ্রাম’ এবং ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ এডুকেশন সেন্টারের আওতায় বাংলাদেশি শিক্ষকদের সার্বিক প্রশিক্ষণ দেওয়া হবে। বৈঠকে ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়াসহ উভয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।