আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের মাটিতে ইসরায়েল যদি কোন আক্রমণ চালায়, তবে তার কড়া প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে তেহরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এই বার্তা দেয় ইরান। খবর এএফপির।
ইসরায়েলের বেন গুইরিন আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রহীরা যে হামলা চালিয়েছে, তার জন্য ইরানের সংশ্লিষ্টতার কথা বলেছে ইসরায়েল। গত রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ অভিযোগ করেন। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে।
বিমান বন্দরে হামলার পর হুতি বিদ্রোহী ও ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দেয় নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েল আগেও হুতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, আগামীতেও নেবে। এরপরই এক এক্স বার্তায় নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধেও সময়মতো পদক্ষেপ নেবে ইসরায়েল।
এই হুমকির প্রতিক্রিয়ায় গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরান আত্মরক্ষার দৃঢ় সংকল্পে জোর দিচ্ছে। ইরানে কোন প্রকার হামলা হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এর পরিণাম ভোগ করতে হবে।
বিএম/মেহেদী



