ডেস্ক রিপোর্ট
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে ড. ইউনূস বর্তমানে দেশটির রাজধানী কায়রোতে রয়েছেন।
তিনি আরো জানান, অধ্যাপক ইউনূস আল-আজহার আল শরীফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ এলতায়েবের আমন্ত্রণে মিশরীয় বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। গ্র্যান্ড ইমাম গত ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে রিটজ কালর্টন হোটেলে সাক্ষাতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সফরে প্রধান উপদেষ্টা ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনে যোগ দেবেন, যা ডি-৮ শীর্ষ সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলন মিশরের রাজধানী কায়রোতে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
ডেপুটি প্রেস সেক্রেটারি আরো বলেন, শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানসহ কয়েকটি ডি-৮ সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সাথেও দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা কায়রোতে পৌঁছান। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি মিশরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।



