ডেস্ক রিপোর্ট
আবারো দেশের আকাশে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি বায়ু। ফলে টানা পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। ভারীবৃষ্টিতে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও জলাবদ্ধতাও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৮ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা অর্থাৎ আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, ভারতের মধ্য প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। ফলে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আফরোজা সুলতানা আরো বলেন, আজ সকাল থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।



