বরিশাল মেইল ডেস্ক
আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। তবে কর্মবিরতি তুলে নেওয়ার জন্য তাঁদের উপর নানা মহল থেকে চাপ দেওয়া হচ্ছে বলে খবর। কিন্তু এখনই প্রতিবাদের রাস্তা থেকে সরতে চাইছেন না তাঁরা। তবে প্রতিবাদ জারি রেখেও স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখতে নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা। শনিবার থেকে টেলিমেডিসিন পরিষেবা চালু করতে চলেছেন তাঁরা। রবিবার জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য শিবির করবেন। তার নাম – অভয়া ক্লিনিক। আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের সুবিচার চেয়ে তাঁকেই যে এই লড়াই উৎসর্গ করা হচ্ছে, ক্লিনিকের নামেই তার প্রমাণ। এর সাথে শুরু হচ্ছে টেলি মেডিসিন পরিষেবা।
নির্যাতিতাকে স্মরণ করে এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘তিলোত্তমা ক্লিনিক।’ রোগীদের যোগাযোগ করার জন্য চারটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছেন জুনিয়র ডাক্তাররা। সেই চারটি নম্বর হল- ৮৭৭৭৫৬৫২৫১, ৮৭৭৭৫৬৯৩৯৯, ৮৭৭৭৫৭৯৫১৭ ও ৬২৯০৩২৬০৭৯। শনিবার থেকে শুরু হচ্ছে এই পরিষেবা। সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মিলবে চিকিৎসকদের পরামর্শ, বলে দেবেন প্রয়োজনীয় ওষুধের নামও।
‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’- ২ সেপ্টেম্বর লালবাজার অভিযান করবে । জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেখানে সকলকে সামিল হওয়ার জন্য বলা হয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তদন্তের কোনও অগ্রগতি না হওয়ায় আমাদের মনে হয়েছে আমরা অবিচারের অন্ধকারে ডুবে রয়েছি। তাঁদের আবেদন আগামী বুধবার অর্থাৎ ৪ সেপ্টেম্বর বুধবার রাত ৯টা থেকে ১০টা দেশের সকল বাড়িতে আলো নিভিয়ে প্রদীপ জ্বালান। মানব বন্ধন কর্মসূচি পালন করুন। পরেরদিন, ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আর জি করে তরুণী চিকিৎসক-পড়ুয়া খুন-ধর্ষণ মামলার শুনানি রয়েছে। আপাতত সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছেন আন্দোলনকারীরা।



