― Advertisement ―

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ১৪০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত এক হাজার ৪০০ জন নিহত ও তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছে। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে তালেবান সরকার। ভূমিকম্পটি দুর্গম পাহাড়ি অঞ্চলে হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যহত হচ্ছে। ফলে মৃতের সংখ্যাও বাড়ছে।

তালেবান সরকারের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, শুধু কুনার প্রদেশেই এক হাজার ৪১১ জন নিহত ও তিন হাজার ১২৪ জন আহত হয়েছেন। পার্শ্ববর্তী নানগারহার প্রদেশে আরো এক ডজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন।

কুনারের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান এহসানুল্লাহ এহসান জানিয়েছেন, জরুরি উদ্ধার অভিযান সারারাত অব্যাহত ছিল এবং দূরবর্তী গ্রামগুলোতে এখনো অনেক আহত মানুষ চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার অপেক্ষায় আছেন।

আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ইন্দ্রিকা রাতওয়াত্তে বলেন, এই ভূমিকম্পে ‘লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন’।

৬.০ মাত্রার ভূমিকম্পটি আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত দুর্গম পাহাড়ি অঞ্চলে গত রবিবার গভীর রাতে আঘাত করে। এর পর থেকে হতাহতে সংখ্যা বেড়েই চলেছে।


সূত্র: এএফপি