― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

আদালতের রায়ে দেশে পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করে রায় দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ- এই রায় দেন।

আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছিলেন আইনজীবীরা। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০৩০ সালের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।

এই রায়ের মধ্য দিয়ে দেশে চৌদ্দ বছর আগে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারো ফিরে এলো। এর আগে, গত ১১ই নভেম্বর শুনানি শেষ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আবারও সর্বোচ্চ আদালতে ওঠে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি। আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল হয়ে যাওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দীর্ঘদিন ধরেই ফেরানোর দাবি জানিয়ে আসছিল দেশের বিভিন্ন রাজনৈতিক দল।

ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয়েছিল তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা। এর প্রধান লক্ষ্য ছিল, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা। পাশাপাশি নির্বাচন নিয়ে দেশের রাজনীতিতে যে বিতর্ক রয়েছে তার সমাধান করা।

কিন্তু ২০১১ সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেয় আপিল বিভাগ। এরপর দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, তা কখনো ভোটার বিহীন, কখনো দিনের ভোট রাতে হওয়া সহ নানাভাবে বিতর্কের জন্ম দিয়েছে।

রায় ঘোষণার পর ব্রিফিংয়ে আইনজীবীরা বলেন, গত ১১ নভেম্বর শুনানি শেষ হলে আজ রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ করেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।

আপিলকারী ও রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, দেশের গণতন্ত্রের জন্য আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরা উচিত। এই সরকার ব্যবস্থা বাতিলের পরই দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়। যার ফলে গত সরকার ফ্যাসিস্ট ও স্বৈরাচার হয়ে উঠতে পেরেছে।

প্রসঙ্গত, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্ম হয়েছিল এক বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে। সর্বদলীয় ছাত্র ঐক্য ও রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনে এরশাদের পতনের পর ১৯৯১ সালের নির্বাচন বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বে একটি অনানুষ্ঠানিক অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হয়।

এরপর তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে ১৯৯৬ এবং ২০০১ সালে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং এর ফলে উভয় নির্বাচনেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর সম্ভব হয়েছিল।