― Advertisement ―

১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি সই করলো যুক্তরাষ্ট্র-ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক সহযোগিতা আরো গভীর করা এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে পরবর্তী ১০ বছরের জন্য প্রতিরক্ষা চুক্তি সই করেছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক সচিব পিট হেগসেথ আর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে এক বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেয় তারা।

পিট হেগসেথ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, দেশ দুটির মধ্যে এই চুক্তি যেমন “সহযোগিতা, তথ্য আদান-প্রদান আর কারিগরি সহযোগিতা” বৃদ্ধি করবে, তেমনই “আঞ্চলিক স্থিতিশীলতা আর প্রতিরোধ” গড়ে তুলবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার ফলে দুটি দেশের মধ্যে যে উত্তেজনা তৈরিই হয়েছিল, তা কাটিয়ে উঠে তারা যখন বাণিজ্য চুক্তি সম্পন্ন করার পথে এগোচ্ছে, তার মধ্যেই এই প্রতিরক্ষা বিষয়ক চুক্তিটি স্বাক্ষরিত হলো।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘কৌশলগত দিক থেকে আমরা যেভাবে আরও বেশি করে কাছাকাছি আসছি, তারই ইঙ্গিত এই চুক্তি। অংশীদারিত্বের এক নতুন দশক শুরু হলো।’