ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় বাংলাদেশ কোস্টগার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপন ডাকাতকে আটক করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে টানা ১৬ ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে এই দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় উপকূলীয় এই নিরাপত্তা বাহিনী। বুধবার (২২ জুলাই) রাত ৯টায় কোস্টগার্ডের সদর দপ্তর থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, মনপুরা উপজেলার দূরবর্তী কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজার এলাকায় গত ২১ জুলাই রাত ১১টা থেকে ২২ জুলাই দুপুর ৩টা পর্যন্ত এ যৌথ অভিযান পরিচালিত হয়। কোস্টগার্ড বেইস ভোলা এবং আউটপোস্ট মনপুরার একটি চৌকস দল এ সশস্র অভিযানে অংশ নেয়। অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের জন্য আতঙ্ক হিসেবে পরিচিত স্বপন ডাকাতকে ঘেরাও করে আটক করা হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া গোপন তথ্যের ওপর ভিত্তি করে কাজিরচর এলাকার একটি মাছের আড়তে তল্লাশি অভিযান চালান কোস্টগার্ড সদস্যরা। সেখান থেকে ১টি দেশীয় একনলা বন্দুক এবং ৮টি ধারালো ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ৫০ বছর বয়সী আটক স্বপন উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে নিজস্ব সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে মেঘনা নদী ও উপকূলীয় চরাঞ্চলে ডাকাতি এবং চাঁদাবাজি পরিচালনা করে আসছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক স্বপন ডাকাতের বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র ও ডাকাতি আইনে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। উপকূলীয় এলাকার জলদস্যু ও ডাকাত মুক্ত করে নদীপথের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্টগার্ডের এমন জিরো টলারেন্স অভিযান আগামীতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।



