― Advertisement ―

সুদানের দারফুরে ভয়াবহ বিমান হামলায় শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ সুদানের দারফুর অঞ্চলের একটি জনবহুল বাজারে ভয়াবহ বিমান হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। স্থানীয় পর্যবেক্ষকদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

যুদ্ধ পর্যবেক্ষকরা এই হামলার জন্য সেনাবাহিনীকে দায়ী করছে। স্বেচ্ছাসেবী আইনজীবীদের একটি জরুরি দল জানিয়েছে, সেনাবাহিনী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এবং বহু মানুষকে গুরুতর আহত করেছে। তবে, হামলার সঠিক সময় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

দারফুরের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় হতাহতের সঠিক সংখ্যা নির্ণয় করা কঠিন হয়ে পড়েছে। সেনাবাহিনীও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, বিশাল দারফুর অঞ্চল বর্তমানে আধা-সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে থাকলেও, সেনাবাহিনী আকাশপথে হামলা চালিয়ে তাদের অবস্থান দুর্বল করার চেষ্টা করছে।

২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত শুরু হয়, যা দুই বছরের বেশি সময় ধরে চলছে। এ সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১ কোটি ২০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বিএম/সজীব