― Advertisement ―

সমাবেশে যাওয়ার পথে প্রাণ গেল জামায়াত নেতার


নিজস্ব প্রতিবেদক:

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। নিহত মাওলানা আবু সাঈদ (৫২) খুলনার দাকোপ উপজেলা জামায়াত আমির ছিলেন।

শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তাদের উদ্ধার করে স্থানীয় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, দলটির কর্মী আনিসুর রহমান ও ইকবাল হোসেন।

দাকোপ পৌর জামায়াতের সেক্রেটারি মো. নজরুল ইসলাম জানিয়েছেন , ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে গাড়ি পার্কিং করে চা খাওয়ার সময় আবু সাঈদ দেখতে পান তাদের গাড়ির ব্যানারটি খুলে গেছে। ঠিক করার জন্য তিনি নিজেসহ কয়েকজন কাজ করছিলেন।


এ সময় পেছন দিক থেকে হঠাৎ করে আসা রয়্যাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদের মৃত্যু হয়।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন।

টিবিএম/জ/রা