― Advertisement ―

শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে জারি হচ্ছে রেড অ্যালার্ট

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একটি চিঠি পাঠান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে।

চিঠিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এর আগে, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ আদালতে ভিত্তিহীন অভিযোগ দাখিল করে দেশের মর্যাদা ক্ষুণ্ণ করছে। তবে সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ‘সরকারের নির্দেশনা পেলেই দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু হবে।’

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অভিযুক্তদের তালিকায় রয়েছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শেখ রেহানা, শেখ সেলিম, শেখ ফজলে শামস পরশসহ শেখ হাসিনার মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য।

এছাড়া অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, বিচারপতি, পুলিশ ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও। এই মামলাগুলোর শুনানি চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে।

আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে নজর রাখছে, আর ট্রাইব্যুনাল অভিযুক্তদের বিরুদ্ধে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুনঃ