আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও সতর্কাবস্থায় রয়েছে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন।
এতে বলা হয়, বিমানবন্দর এলাকা, কারওয়ানবাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি আজ সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এ উপলক্ষে বিমানবন্দর এলাকায় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে।
মূলত, গতকাল বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এ অবস্থায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ঢাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করে প্রশাসন।



