নিজস্ব প্রতিবেদক:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীতিমালা-২০২৫ জারি করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও গোপনকক্ষের ভেতরে ছবি তোলা যাবে না। তবে কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা যাবে। গণমাধ্যমকর্মীদের জন্য এমন নীতিমালা জারি করেছে নিবাচন কমিশন।
বুধবার (২৩ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫ জারি করা হয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, সংসদ ও স্থানীয় নির্বাচনের জন্য নীতিমালা অনুসারে দেশের অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, নিউজ পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হবে।
এজন্য নির্বাচনের এক সপ্তাহ আগে আবেদন করতে হবে। এরপর সংশ্লিষ্টদের সাংবাদিক পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার দেবে ইসি সচিবালয় ও রিটার্নিং অফিসার।
এ নীতিমালা স্থানীয় সরকারের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনেও প্রয়োজ্য হবে।
টিবিএম/জ/রা



