― Advertisement ―

বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা করে ৮৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বনেতাদের আহ্বান উপেক্ষা করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী গুলিতে করে গতকাল বুধবার ৮৫ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের বেশিরভাগই গাজা সিটির বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল।

এর মধ্যে নুসেইরাত শরণার্থীশিবিরে একটি স্টেডিয়ামে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোর ওপর চালানো হামলায় নারী-শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।

আল-আহলি স্টেডিয়াম গাজার বহু বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছিল, সেখানেই রক্তাক্ত গণহত্যার ঘটনা ঘটল।

এ ঘটনার পর জাতিসংঘ সতর্ক করে বলেছে, ইসরায়েলি সেনারা গাজা সিটিতে আতঙ্ক সৃষ্টি করছে এবং হাজারো মানুষকে পালাতে বাধ্য করছে। তবে ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির দাবি করেন, নিরাপত্তার স্বার্থে ফিলিস্তিনিদের দক্ষিণ দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

গাজা সিটির হাসপাতালগুলো বুধবার বিকেলে জানিয়েছে, তারা মধ্যরাত থেকে ইসরায়েলি হামলা ও গুলিবর্ষণে নিহত ৬০ জনেরও বেশি মানুষের মরদেহ পেয়েছে।

হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, ফাইরাস মার্কেটের কাছে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি ওয়্যারহাউসে ইসরায়েলি হামলায় এক – তৃতীয়াংশ প্রাণহানির ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ছয়জন নারী এবং নয়জন শিশু রয়েছে।