নিজস্ব প্রতিবেদক
ভূমি মন্ত্রণালয়ের সেবা শতভাগ ডিজিটাইজ করা হয়েছে। তাই জনগণকে হয়রানি ছাড়া অনলাইনে ভূমি সেবা নিশ্চিত করতে সরকারের নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত হয়েছে নতুন পাঁচটি সেবা।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সিস্টেমে এই সেবায় থাকবে ভূমি ক্রয় দলিল, ইজারা দলিল, চুক্তিনামা নিবন্ধন দলিল, বায়না দলিল এবং আম-মোক্তারনামা দলিল ও নকল সরবরাহ।
এতে জনগণ হয়রানির শিকার ও তৃতীয় পক্ষ (দালাল) ছাড়াই ভূমি সেবা গ্রহণ করতে পারবেন।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন পাঁচটি সেবার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বিডার ওএসএস প্ল্যাটফর্মে বিডার নিজস্ব ২৪টি সেবাসহ ৪৬টি সংস্থার ১৩৭টি সেবা চালু রয়েছে। নতুন পাঁচটি সেবা যুক্ত হওয়ায় সংস্থার সংখ্যা দাঁড়ালো ৪৭টি এবং সেবার সংখ্যা দাঁড়ালো ১৪২টি।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. লিয়াকত আলী মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে নিবন্ধন অধিদপ্তরের এই সেবাগুলো আর ম্যানুয়ালি প্রদান করা হবে না। তাই আগামী তিন মাসের মধ্যে এ সেবার অগ্রগতি পর্যালোচনা করা হবে।”
আরও জানান, বিডা-বেজা সহ সব বিনিয়োগ প্রমোশন এজেন্সির (আইপিএ) সেবা একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তাই চলতি বছরের শেষ নাগাদ একটি সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম থেকে সব আইপিএর সেবা প্রদান সম্ভব হবে বলেও আশা করা হচ্ছে।
সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, “ভূমি মন্ত্রণালয়ের সেবা শতভাগ ডিজিটাইজ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে বাণিজ্যিক ক্ষেত্রে ভূমি মিউটেশন সম্পন্ন করার লক্ষ্যে আমরা কাজ করছি। তাই জাতীয় স্বার্থে বিনিয়োগকারীদের সর্বোচ্চ দ্রুততায় সেবা দিতে চাই।
আইন মন্ত্রণালয়ের সচিব মো. লিয়াকত আলী মোল্লা বলেন, “সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিক হতে হবে এবং জনগণকে সেবার ফি সম্পর্কে অবহিত করতে হবে, যাতে তারা হয়রানির শিকার না হন কিংবা কোনো তৃতীয় পক্ষ সুবিধা নিতে না পারে।”
অনুষ্ঠানে বিডার নির্বাহী সদস্যবৃন্দ, মহাপরিচালক ও পরিচালক পর্যায়ের কর্মকর্তা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা রেজিস্ট্রার, সাব-রেজিস্ট্রারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
টিবিএম/জ/রা



