ডেস্ক রিপোর্টঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর আসন্ন ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি স্পষ্ট করা হয়।
পোস্টে উল্লেখ করা হয়, কিছু গণমাধ্যমে “বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়” শিরোনামে প্রকাশিত সংবাদ নজরে এসেছে। এসব সংবাদ শুধু বিজিবির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে না, বরং সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি করছে।
বিজিবি জানায়, গত ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখে সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ্যে জানানো হয়েছিল যে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে। সেই তথ্যের ভিত্তিতে দেশের গণমাধ্যমগুলো সংবাদও প্রকাশ করেছে। এছাড়া স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক প্রেস ব্রিফিংয়েও বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্তে দায়িত্ব পালনকালে জনগণের সঙ্গে সংস্থাটির যে সংহতি রয়েছে, তা বজায় রাখার স্বার্থে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা উচিত। ১৭-২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় সম্মেলনে বিজিবি ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। এতে কোনো গোপনীয়তার প্রশ্নই আসে না, এবং বিজিবির পক্ষ থেকে গোপনীয়তা বজায় রাখার কোনো প্রচেষ্টাও করা হয়নি।
সংস্থাটি বিভ্রান্তিকর তথ্য প্রচার না করা এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে।
বিএম/সজীব



