ডেস্ক রিপোর্টঃ নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে, তার প্রশাসনের পুনর্গঠনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন শীর্ষ কূটনীতিককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, নির্দেশপ্রাপ্ত কূটনীতিকরা হলেন ডেরেক হোগান, মার্শা বার্নিকাট এবং অ্যালাইনা টেপলিটজ।
এই তিন কর্মকর্তা ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় প্রশাসনের অধীনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। সাধারণত প্রেসিডেন্ট পরিবর্তনের সময় কূটনীতিকরা তাদের পদে বহাল থাকেন। তবে ট্রাম্পের দল এই সিদ্ধান্তকে প্রশাসনিক স্তরে মৌলিক পরিবর্তনের অংশ হিসেবে দেখছে।
ট্রাম্প প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি রিভিউ টিমের নির্দেশে পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে আসে। এক মার্কিন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই পদক্ষেপ ভবিষ্যতে জটিলতা সৃষ্টি করতে পারে।
ট্রাম্পের টিম এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের এমন কর্মকর্তাদের প্রয়োজন যারা জাতি ও জনগণের অগ্রাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।”
এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প প্রশাসন শক্তিশালী ও কর্মদক্ষ একটি টিম গঠনের লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বিএম/সজীব



