বিশেষ প্রতিনিধি: বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) পকেট কমিটি গঠনের পাঁয়তারার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন নেতা-কর্মীদের একটি অংশ। আজ রোববার (১৬ মার্চ) দুপুরে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে বরিশাল ক্লাবে যায় তারা।
এসময় ক্লাব মিলনায়তনে বিএনপি বিভাগীয় সাংগঠনিক সভা চলছিল। সেখানে উপস্থিত বিএনপির বরিশাল বিভাগীয় টিম প্রধান আবদুল আউয়াল মিন্টুর কাছে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের আহ্বান জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান রাজন ও সাবেক সদস্য সচিব আকতার হোসেন মেবুলসহ নেতাকর্মীরা।
বিএনপি নেতা নজরুল ইসলাম খান রাজন বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন হয়ে আসছে। কিন্তু বিভাগীয় সাংগঠনিক সম্মেলনে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিন পকেট কমিটি করতে অপতৎপরতা চালাচ্ছে। তাই আমরা বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপির বিভাগীয় টিম প্রধানের কাছে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের কথা জানিয়েছি। তিনি আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন। কমিটিতে অনিয়ম হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তিনি।
দলীয় সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ১১ টায় বরিশাল নগরের ক্লাব রোডে বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনের দ্বিতীয় তলায় বরিশাল মহানগর, বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা এবং ভোলা, পটুয়াখালী জেলা বিএনপির নেতা-কর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান আবদুল আউয়াল মিন্টু।
এই সভা চলাকালে দক্ষিণ জেলা বিএনপির নেতা-কর্মীদের একাংশ বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে যান এবং গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি করার দাবি জানান। অভিযোগের বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি।



