ডেস্ক রিপোর্ট: জয় দিয়ে একাদশ বিপিএল শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে আট উইকেটের বড় ব্যবধানে হারে তারা। এই ম্যাচেও রিশাদ হোসেনকে সাইড বেঞ্চে বসিয়ে রেখেছিল বরিশাল।
জাতীয় দলের জার্সিতে নিয়মিত মুখ রিশাদ। বিশেষ করে টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য তিনি। অথচ সেই রিশাদই বিপিএলে এখনও পর্যন্ত ম্যাচ পাননি। বরিশালের শক্তিশালী স্কোয়াডে সাইড বেঞ্চই যেন রিশাদের ঠিকানা! এ নিয়ে অবশ্য অনেকেই সমালোচনাও করছেন বরিশালের টিম ম্যানেজমেন্টের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিশাদকে না খেলানো নিয়ে প্রশ্ন উঠে। কোচ মিজানুর রহমান বাবুল বলেন, রিশাদ আমাদের গুরুত্বপূর্ণ বোলারদের মধ্যে একজন। কম্বিনেশনের জন্য হয়ত রিশাদ খেলছে না। তবে মাত্র ২ ম্যাচ গেলো। আমাদের প্ল্যানে অবশ্যই রিশাদ আছে।
বিগ ব্যাশে দল পেয়েছিলেন রিশাদ। তবে বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচি হওয়ায় অস্ট্রেলিয়ার সেই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে রিশাদকে অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই বিগ ব্যাশে খেলা হলো না রিশাদের।
এ প্রসঙ্গে বাবুল বললেন, দেখেন সবাই পেশাদার প্লেয়ার। সবার আগে টিম ফার্স্ট। টিম কী চিন্তা করবে, টিম কী কম্বিনেশনে খেললে দল জিতবে। আজ (বৃহস্পতিবার) রাতের ম্যাচ ছিল, অন্য কম্বিনেশন করতে গিয়ে রিশাদের খেলা হচ্ছে না। মাত্র ২ ম্যাচ হল, অনেক সময় বাকি আছে। রিশাদ অবশ্যই খেলবে, রিশাদ আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার।



