পাকিস্তানের অস্থির খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক দুটি সন্ত্রাসী হামলায় অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন।
কর্মকর্তারা জানান, বুধবার (১৫ জুলাই) লোয়ার দির জেলার একটি পুলিশ বহরের ওপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। পুলিশ জানায়, হায়দার এলাকার লাদাম টপের কাছে বহরটি যাওয়ার সময় হামলাকারীরা প্রথমে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর তারা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে ব্যাপক গুলি চালায়।
এই হামলায় তিনজন পুলিশ সদস্য নিহত এবং ১৯ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের ধরতে এলাকায় অভিযান শুরু করেছে।
একই দিনে প্রদেশের আরেকটি এলাকায় একটি পুলিশ স্টেশনেও সন্ত্রাসীরা হামলা চালায়। ওই ঘটনায় আরও ১৫ জন আহত হন। এ নিয়ে দুই হামলায় মোট ৩ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন।
এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ঘটনাগুলোর তদন্ত চলছে।



