পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাত করেছেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভিজে। ২৯ জুলাই রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, জলবায়ু সহনশীলতা ও ডিজিটাল রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ খাতে সংস্থাটির দীর্ঘদিনের সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।
আলোচনাকালে বাংলাদেশ ও ইউনেস্কোর মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করা হয়। বিশেষ করে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃতি প্রদান এবং সম্প্রতি টাঙ্গাইল শাড়ির বয়নশিল্পকে ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর অন্তর্ভুক্তির বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে ইউনেস্কোর মহাপরিচালককে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।
বৈঠকে গুণগত শিক্ষা নিশ্চিতকরণ, যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার (টিভিইটি) প্রসারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বিশেষ করে বিদেশে গমনচ্ছু কর্মীদের জন্য আন্তর্জাতিক মানের ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ প্রদানে ইউনেস্কোর বর্ধিত সহযোগিতার আহ্বান জানানো হয়, যেন অভিবাসী শ্রমিকরা আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারেন।
অন্যদিকে, ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভিজে বাংলাদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার অর্জনে টেকসই অংশীদারিত্বের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি দেশের ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতির বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর ওপর জোর দেন। প্রতিমন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিষয়টিকে মূল ধারার অর্থনৈতিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেন।



