ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে তার বাসভবনে ঢুকে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (৩ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করতে গেলে ভবনের নিরাপত্তাবাহিনী তাদের প্রতিহত করার চেষ্টা করে।
এদিকে ইওলের বাসভবনের সামনে তার সমর্থকদের বিক্ষোভ করতে দেখা গেছে। ইওলের সমর্থকেরা পোস্টার ও ব্যানার নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের সামনে জড়ো হয়েছেন। তারা ইওলকে গ্রেপ্তারের প্রতিবাদে স্লোগান দিচ্ছেন।
দেশটির দুর্নীতি তদন্তকারী কার্যালয় বলছে, প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা শুরু হয়েছে। তদন্তকারী কার্যালয়ের কর্মকর্তা ও পুলিশকে ইওলের বাসভবনের ভেতরে ঢুকতে দেখা গেছে।
ইওলের আইনজীবী ইওন ক্যাপ কিউন বলেছেন, বেআইনি পরোয়ানা কার্যকর করা বৈধ নয়।
ইওলের বাসভবনের ভেতরে থাকা সেনাবাহিনীর একটি দল আইনশৃঙ্খলাবাহিনীকে প্রতিহত করেছে। প্রেসিডেন্টের নিরাপত্তাকর্মীরা তদন্তকারীদের পরোয়ানা মানবে কি না তা স্পষ্ট নয়। প্রেসিডেন্টের নিরাপত্তাকর্মীরা এর আগে ইওলের বাসভবনে পুলিশের প্রবেশের চেষ্টা প্রতিহত করেছে।
গতকাল বৃহস্পতিবার ইওলের সমর্থকদের সঙ্গে ইওল বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২ হাজার ৭০০ পুলিশ ও ১৩৫টি পুলিশের বাস ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইওলকে গ্রেপ্তারের পর সিউলের কাছে গোয়াচিওনে তাদের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে চান। গ্রেপ্তারি পরোয়ানার বিধি অনুসারে তাকে সেখানে ৪৮ ঘণ্টা রাখা হতে পারে।
তদন্তকারী এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, সিউলের আদালত ইওলের বাসভবনে তল্লাশি চালানোর জন্য পরোয়ানা জারি করেছেন।



