― Advertisement ―

তাইওয়ানে টাইফুনের তান্ডবে ১৫ জনের মৃত্যু, চীনে আশ্রয় নিয়েছে ২০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
রাগাসা নামের একটি সুপার টাইফুন তাইওয়ানে ব্যপক তান্ডব চালিয়েছে। এতে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং এখনো বেশকিছু মানুষ নিখোঁজ আছেন। টাইফুনটি চীনের স্থলভাগে উঠে এসে আগের চেয়ে কিছুটা দুর্বল হয়ে তীব্র টাইফুনে পরিণত হয়েছে।

রাগাসা’র তান্ডব থেকে বাঁচতে দেশটির দক্ষিণে গুয়াংদং প্রদেশ থেকে প্রায় ২০ লাখ মানুষকে চীনে সরিয়ে নেওয়া হয়েছে। রাগাসাকে এ বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড় বিবেচনা করা হচ্ছে। এতে ফিলিপিন্স ও হংকংয়েও ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

চীনা আবহাওয়া বিশেষজ্ঞরা রাগাসাকে ‘ঝড়ের রাজা’ বলে উল্লেখ করেছেন এবং এই ঝড়ের কারণে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এক মাসের বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

রাগাসা’র প্রভাবে সোমবার ফিলিপিন্সে বেশ কয়েকটি শহর প্লাবিত হয়েছে। এছাড়া সেখানে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। এদিকে হংকংয়ে ৬২ জন আহত হয়েছেন এবং চার শতাধিক গাছ উপড়ে গেছে।