নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকায় আজ রোববার (৩ আগস্ট) দুইটি বড় রাজনৈতিক দলের কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর কারণে রাজধানী জুড়ে নিরাপত্তা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কর্মসূচির একটি করবে জাতীয়তাবাদী ছাত্রদল। অপরটি করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ছাত্রদল সমাবেশ করবে শাহবাগ এলাকায়। তারা বেলা ২টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত সমাবেশ করবে। অপরদিকে এনসিপি ‘জাতীয় ইশতেহার’ ঘোষণা করবে কেন্দ্রীয় শহিদ মিনারে। তারাও বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত শহিদ মিনারে অবস্থান করবে।
এ ছাড়াও জামায়াতে ইসলামী সমর্থিত একটি শিল্পীগোষ্ঠী সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ নামে অনুষ্ঠান করছে।

এনসিপি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় ইশতেহারের বিষয়ে জানান, ইশতেহার হবে নতুন বাংলাদেশের রূপরেখা, যা ‘জুলাই সনদ’ এর ভিত্তিতে তৈরি। তাই পরবর্তী নির্বাচন ও সংসদ গঠন এই সনদের ভিত্তিতেই হওয়া উচিত।
তিনি বলেন, সরকার ৫ই আগাস্টের মধ্যেই জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবায়নের রূপরেখা স্পট করুক।
অপরদিকে, জাতীয়তাবাদী ছাত্রদল দিনটিকে গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের স্মরণে পালন করছে। আজ শাহাবাগে তাদের সমাবেশে সারা দেশ থেকে নেতাকর্মীরা যোগ দেবেন। সমাবেশে শহিদ পরিবারের সদস্যরা থাকবেন। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন তারেক রহমান।
ছাত্রদল তাদের শক্তি প্রদর্শনের প্ল্যাটফর্ম হিসেবে দেখছে এই সমাবেশকে। কর্মসূচি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ছয় দফা নির্দেশনাও দেওয়া হয়েছে।
সমাবেশের বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে রাজপথে শুধু ছাত্রদলেরই ১৪২ নেতাকর্মী শহিদ হয়েছেন। আমরা এই সমাবেশ থেকে জুলাই আন্দোলনে আত্মত্যাগ করা জাতির বীর সন্তানদের স্মরণ করব। এছাড়া ভোটাধিকার ফিরিয়ে আনার গণতান্ত্রিক দাবিও জানাবো’।
রাজধানীতে গণজমায়েতের কারণে আজ ভোগান্তিতে পড়ার সম্ভাবনা রয়েছে সাধারণ মানুষের। তাই ডিএমপি’র পক্ষথেকে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহবাগ ও আশপাশের এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। পাশাপাশি এদিন এইচএসসি পরীক্ষা থাকায় জনদুর্ভোগ এড়াতে ডাইভারশন পরিকল্পনা ঘোষণা করেছে পুলিশ।



