বরিশাল মেইল ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের কলমুগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ভোলাহাট উপজেলার মান্নুমোড় এলাকার হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর ও ইয়াকুব আলী।
স্থানীয়রা জানান, রাতে রহনপুর থেকে ভোলাহাটে ভ্যানে আসছিলেন কয়েকজন। এ সময় খাপানির বিল এলাকায় ভ্যানটি পৌঁছালে ডাকাতরা নারীদের স্বর্ণালংকারসহ টাকাপয়সা কেড়ে নেয়। নারীদের একজন ডাকাতদলের এক সদস্যকে চিনে ফেলে এবং চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে ডাকাতদলকে ঘিরে ধরে। পরে ধাওয়া খেয়ে পালানোর সময় ইয়াকুব ও তার ভাই ধরা পড়ে। সেখানেই গণপিটুনিতে তারা মারা যান।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান জানান, জামবাড়ীয়া ইউনিয়নের কলমুগড়া নামক স্থানে পাকা রাস্তার ওপর ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়। তারা সম্পর্কে আপন দুই ভাই।
তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



