― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ডাকাত সন্দেহে আটক, পাঁচ ব্যক্তিকে নিরীহ দাবি করে বরিশালে মানববন্ধন


বিশেষ প্রতিনিধি : বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদীতে ডাকাত সন্দেহে আটক পাঁচ ব্যক্তিকে নিরীহ যাত্রী দাবি করে তাঁদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

আজ শনিবার দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান শেখ, আবু তালেব কাজী, নূর নবী ফকির এবং মিন্টু মৃধা। বক্তারা দাবি করেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা কেউই ডাকাত নন বরং সাধারণ যাত্রী।

আবু তালেব কাজী জানান, গত ১৯ মার্চ রাত ১০টার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে ভোলার জলদস্যুরা মাছ ধরার ট্রলার ডাকাতি করছিল। এলাকাবাসীর চিৎকারে নৌবাহিনীর টহলদল ঘটনাস্থলে পৌঁছায়।

ঠিক একই সময়ে শ্রীপুর ঘাট থেকে একটি খেয়া ট্রলারে বেশ কয়েকজন যাত্রী গাগুরিয়া ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ট্রলারটি মাঝ নদীতে পৌঁছালে কোস্টগার্ড সদস্যরা ডাকাত সন্দেহে পাঁচ যাত্রীকে আটক করেন।


আটক পাঁচজন হলেন, মামুন মোল্লা, পান্নু মোল্লা, নাজমুল হাওলাদার, মো. জুয়েল শেখ, আনোয়ার হোসেন। তাঁরা সবাই শ্রীপুরের বাসিন্দা এবং পেশায় জেলে।


আটক ব্যক্তিদের স্বজনেরা জানান, আটক ব্যক্তিরা বর্তমানে ভোলা কারাগারে রয়েছেন এবং তাদের পরিবার চরম অর্থসংকটে দিন কাটাচ্ছেন।

মানববন্ধনে বক্তারা, ডাকাত সন্দেহে আটক ব্যক্তিদের নিরীহ দাবি করে অবিলম্বে তাঁদের মুক্তির দাবি জানান।

জানতে চাইলে কোস্টগার্ড দক্ষিণ জোনের (ভোলা) মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার এইচএমএম হারুন অর রশিদ বলেন, ওই এলাকায় নিয়মিত ডাকাতির ঘটনার পরিপ্রেক্ষিতে জেলে সেজে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ৮-১০টি ট্রলার থেকে জলদস্যুরা তাদের ওপর হামলা চালায়। তখন এক ট্রলার থেকে ৫ জনকে আটক করা হয় এবং আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএম/জ/রা