নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম ও জিএস পদে এস এম ফরহাদ।
একই সাথে এই নির্বাচনে ছাত্র সংসদ ও হল সংসদের অন্যান্য পদেও শিবির সমর্থিত প্রার্থীরা বিভিন্ন পদে বিজয়ী হয়েছেন।
ভিপি পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার মোট প্রাপ্ত ভোট ১৪০৪২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫৭০৮ ভোট।
এছাড়া জিএস পদে শিবির সমর্থিত এসএম ফরহাদ পেয়েছেন ১০৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানবীর বারী হামিম পেয়েছেন ৫২৮৩ ভোট।
সহ-সাধারণ সম্পাদক বা এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মো. মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১১৭৭২ ভোট।
গতকাল সোমবার বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও সারারাত ধরে ভোটগণনা চলে। রাতেই বিভিন্ন হল থেকে ভোটের ফলাফল আসতে শুরু করে।
তবে আনুষ্ঠানিকভাবে সকাল সোয়া আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
এদিকে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ও ছাত্রদলের আবিদুল ইসলাম খান। ভিপি প্রার্থী হিসেবে উমামা ফাতেমা মোট পেয়েছেন ৩৩৮৯টি। আর বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আব্দুল কাদের পেয়েছেন ১১০৩ ভোট।
নির্বাচনের সার্বিক বিষয়ে মন্তব্য চাইলে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘এবারের ডাকসু নির্বাচনে কোনও কারচুপি হয়নি, বরং এটি একটি মডেল নির্বাচন হয়েছে।’



