লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের মূল মঞ্চ মাতাল পল থমাস অ্যান্ডারসনের চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার এই সিনেমাটি সেরা চলচ্চিত্রসহ মোট ছয়টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে। দীর্ঘদিন ধরে অস্কারের লড়াইয়ে থাকা নির্মাতা পল থমাস অ্যান্ডারসনের জন্য এবারের জয় ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য হিসেবে গণ্য হচ্ছে।
তাক লাগানো এই সিনেমায় অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল এবং তিয়ানা টেলরের মতো হাই-প্রোফাইল শিল্পীরা। এবারের আসরে রেকর্ড ১৩টি বিভাগে মনোনয়ন পাওয়া সিনেমাটি সেরা পরিচালক ও সেরা কাস্টিংয়ের পুরস্কারও নিজেদের ঝুলিতে পুরেছে।
অভিনয় বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ‘সিনার্স’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য মাইকেল বি. জর্ডান। অন্যদিকে, ‘হ্যামনেট’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছেন আইরিশ অভিনেত্রী জেসি বাকলি। প্রথম আইরিশ নারী হিসেবে এই সম্মান পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি পুরস্কারটি উৎসর্গ করেছেন মাতৃত্বের প্রতি।
এবারের আসরটি ঐতিহাসিক কিছু মুহূর্তের সাক্ষী হয়েছে। চিত্রগ্রাহক অটাম ডুরাল্ড আরকাপাও প্রথম নারী হিসেবে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন। এছাড়া ‘দ্য সিঙ্গারস’ ও ‘টু পিপল এক্সচেঞ্জিং সালিভা’ লাইভ-অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে যৌথভাবে সেরা নির্বাচিত হয়েছে, যা অস্কারের শতাব্দী প্রাচীন ইতিহাসে মাত্র ষষ্ঠবারের মতো কোনো বিভাগে টাই হওয়ার ঘটনা। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন জনপ্রিয় মার্কিন কমেডিয়ান কোনান ও’ব্রায়েন।



