ববি প্রতিনিধি :
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়ক (বরিশাল-কুয়াকাটা) অবরোধ করেছে ববি শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৬ জুলাই) বিকাল পৌনে ৫টার দিকে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তারা আধা ঘন্টা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কটি অবরোধ করে রাখেন।
এনসিপির সমাবেশ শেষে দলটির নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয়েছে বলে জানান বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সিরাজুল ইসলাম বলেন, “আ.লীগ গোপালগঞ্জকে তাদের পূনর্বাসনের জায়গা হিসেবে তৈরি করার পায়তারা করছে। তাদের প্রতিহত করার জন্য সারা বাংলাদেশ থেকে কর্মসূচি আসছে। আমরা এর মাধ্যমে জানান দিতে চাই নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো ঠাঁই বাংলার জমিনে নেই।”
বিক্ষোভকারীরা তদন্তের পরিপ্রেক্ষিতে দ্রুত দোষীদের বিচারের দাবি জানান।



