― Advertisement ―

গাজায় হামলা করতে গিয়ে ইসরায়েলি ৫ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:
গাজা সিটির উত্তর অংশে হামলা চালাতে গিয়েছিল একদল ইসরায়েলি সেনা। এ সময় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৪ জন। খবর টাইমস অব ইসরায়েলের।

নিহতরা হলেন, জেরুজালেমের ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট মেইর শিমন আমার, সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ, গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের ২৮ বছর বয়সী সার্জেন্ট বেনিয়ামিন আসুলিন, জেরুজালেমের কেফির ব্রিগেডের নেটজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট নোয়াম আহরন মুসগাদিয়া এবং কেফির ব্রিগেডের নেটজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের ২১ বছর বয়সী স্টাফ সার্জেন্ট মোশে শমুয়েল নোল।

এ ঘটনায় প্রাথমিকভাবে আইডিএফের তদন্ত অনুসারে, সোমবার (৭ জুলাই) স্থানীয় সময় রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানে যায় ইসরায়েলি সেনারা। এ সময় রাস্তার পাশে পুঁতে রাখা বোমার আঘাতে পদাতিক সৈন্যরা আহত হন। সৈন্যরা পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিলেন।

ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য মতে, ঘটনাটি যে এলাকায় ঘটে, সেই এলাকায় সেনাদের অভিযানের আগে আকাশ থেকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। নেটজাহ ইয়েহুদা সৈন্যরা বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে একটি আক্রমণের অংশ হিসাবে গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে অভিযান চালাচ্ছিল।