― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

উচ্চশিক্ষায় বড় বিনিয়োগের প্রস্তুতি ইউজিসির: বাড়ছে দেশি-বিদেশি পিএইচডি ও পোস্টডক্টরাল ফেলোশিপ

বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের গবেষণার পরিবেশ নিশ্চিত করতে বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। গবেষণা ইকোসিস্টেম জোরদার করার অংশ হিসেবে কমিশন নিজস্ব পিএইচডি ও পোস্টডক্টরাল ফেলোশিপের সংখ্যা বহুগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধিসহ ফলাফলভিত্তিক বিশেষ অর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। গত সোমবার (৩১ আগস্ট ২০২৬) আয়োজিত ১৭৯তম পূর্ণ কমিশন সভায় সভাপতিত্বকালে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এই যুগান্তকারী পরিকল্পনার কথা তুলে ধরেন।

কমিশনের নেওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইউজিসির নিজস্ব পিএইচডি স্কলারশিপের সংখ্যা ৭৫ থেকে বাড়িয়ে ১০০টিতে উন্নীত করা হয়েছে। আগামী অর্থবছর থেকে এই সংখ্যা পর্যায়ক্রমে ৫০০-তে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিদেশে পিএইচডি করার সরকারি সুযোগ ১০টি থেকে এক লাফে ৩৫টিতে উন্নীত করা হয়েছে। দেশীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মানসম্পন্ন শিক্ষকের সংকট কাটাতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গবেষণার সুযোগ সম্প্রসারণ করা অত্যাবশ্যক বলে জানান ইউজিসি প্রধান।

সভায় ‘ইউজিসি প্রমোশনাল অ্যান্ড একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প নীতিমালা, ২০২৬’ আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়। ইউজিসি চেয়ারম্যান জোর দিয়ে বলেন, শুধু জার্নালে নিবন্ধ প্রকাশের মধ্যে গবেষণাকে সীমাবদ্ধ রাখলে চলবে না। গবেষণালব্ধ জ্ঞানকে দেশের প্রকৃত সমস্যা সমাধান এবং শিল্প-অর্থনীতির টেকসই বিকাশে কাজে লাগাতে হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিল্প খাতের সরাসরি মেলবন্ধন তৈরির উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

ভবিষ্যতে গবেষণায় বাজেট বরাদ্দের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর পূর্ব সক্ষমতা ও অর্জনকে প্রাধান্য দেওয়া হবে। অর্জিত ফলাফল ও বাস্তব প্রয়োগে যারা কার্যকর অবদান রাখবে, সেসব বিশ্ববিদ্যালয়কে কৌশলগত অর্থায়নে অগ্রাধিকার দেওয়া হবে। আধুনিক পরিকাঠামো নির্মাণ, উপযুক্ত গবেষক তৈরি এবং যৌথ গবেষণা বৃদ্ধির ওপর জোর দিচ্ছে কমিশন।

কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলামের কার্যপত্র উপস্থাপনে অনুষ্ঠিত এই সভায় কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক মো. মেহেদী হাসান খান, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন ও অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আতিকুর রহমান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জাকির হুসাইন এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান চৌধুরী গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন। তথ্যটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান।