― Advertisement ―

ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনে ৯ জন নিহত

ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা ও হোদেইদার বন্দরে অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুথি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম।

ডেস্ক রিপোর্টঃ বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হুথি যোদ্ধাদের সামরিক অবস্থান লক্ষ্য করে তারা পশ্চিম উপকূলীয় অঞ্চল ও ইয়েমেনের ভেতরে গভীর এলাকায় হামলা চালিয়েছে। এই হামলা আসে হুথিদের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোঁড়ার পর, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়।

আল মাসিরাহ টিভি জানিয়েছে, হোদেইদার আস-সালিফ বন্দরে ইসরায়েলি হামলায় ৭ জন নিহত এবং রাস ইসা তেলের স্থাপনায় আরও ২ জন নিহত হয়েছেন। এছাড়া রাজধানী সানার উত্তর ও দক্ষিণের দুটি বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “হুথি সন্ত্রাসী সংগঠনের নেতাদের সতর্ক করছি: ইসরায়েলের দীর্ঘ হাত আপনাদেরও ছুঁয়ে ফেলবে। যে ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে, তার হাত কেটে ফেলা হবে।”

হুথি রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি অভিযোগ করেছেন, এই হামলায় যুক্তরাষ্ট্রও ইসরায়েলের সাথে জড়িত। তিনি বলেন, “এই হামলা পশ্চিমাদের মানবিকতার দাবিকে মিথ্যা প্রমাণ করে। তবে গাজা পরিস্থিতি না থামানো পর্যন্ত আমাদের প্রতিরোধ চলবে।”

হুথি যোদ্ধারা সম্প্রতি ইসরায়েল ও লোহিত সাগরে ইসরায়েলের সাথে সংযুক্ত জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এই অভিযান চলছে।

বিশ্লেষক হুসাইন আল-বুখাইতি জানিয়েছেন, হুথিদের আক্রমণে ইসরায়েলের এলিয়াত বন্দর বন্ধ হয়ে গেছে এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি বলেন, “ইসরায়েলের গাজা থেকে সরে না যাওয়া এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এই আক্রমণ থামবে না।”

বিএম/সজীব

আরও পড়ুনঃ
ইয়েমেনে হুতিদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে যুক্তরাষ্ট্রের হামলা