― Advertisement ―

ইরানে ফের হামলা ও খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা ও ইরানে নতুন করে হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হুমকি দিয়েছেন।

রবিবার (২৭ জুলাই) রাতে এই তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা আনাদোলু।

দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ‘আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই: যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন।’

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যটি উদ্ধৃত করেছে ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ।

ইসরায়েলি এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আনাদোলুর প্রতিবেদনে।

টিবিএম/জ/রা