ডেস্ক রিপোর্ট : মুক্তিযোদ্ধা না হয়েও মিথ্যা তথ্য দিয়ে সরকারের কাছ থেকে সনদ নিয়েছেন, এমন অন্তত ১২ ব্যক্তি সনদ ফিরিয়ে দিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন।
তাঁদের মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা সনদ নিয়ে সরকারি চাকরিতে যোগ দিয়ে অবসরে যাওয়া এক ব্যক্তি। এক ব্যক্তি তাঁর আবেদনে সনদ নেওয়া ভুল হয়েছে বলে উল্লেখ করে করেছেন। দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন কেউ কেউ। লিখেছেন—‘আমি লজ্জিত’।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সনদ ফেরত দিতে আবেদন করা ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি। কর্মকর্তারা বলছেন, যেহেতু মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিয়ে তাঁরা আবেদন করেছেন, নাম প্রকাশ করলে তাঁরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হবেন। এ কারণে তাঁদের নাম গোপন রাখা হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম গত ১১ ডিসেম্বর নিজ দপ্তরে এক অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা না হয়েও যাঁরা সনদ নিয়েছেন, তাঁদের তা ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
ওই অনুষ্ঠানে তিনি বলেন, মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা তালিকায় নাম লিখিয়েছেন, গেজেটভুক্ত হয়েছেন এবং সুবিধা নিয়েছেন। এটি জাতির সঙ্গে প্রতারণার শামিল। এটি ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ।
উপদেষ্টা আরও বলেন, ‘আমরা একটি ইনডেমনিটি (দায়মুক্তি) দেব, যাঁরা অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা হয়ে এসেছেন, তাঁরা যাতে স্বেচ্ছায় এখান থেকে চলে যান। যদি যান, তাঁরা তখন সাধারণ ক্ষমা পেতে পারেন।
আর যদি সেটি না হয়, আমরা যেটি বলেছি, প্রতারণার দায়ে আমরা তাঁদের অভিযুক্ত করব। তাঁদের বিরুদ্ধে প্রতারণার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
বিএম/জ/রা



