― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

আইন মেনে বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের: ব্যত্যয়ে কঠোর ব্যবস্থার হুশিয়ারি

বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিচালনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ও সংশ্লিষ্ট নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, শিক্ষাকে কোনোভাবেই বাণিজ্যিক পণ্যে পরিণত করা যাবে না।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর অফিসার্স ক্লাবে সোনারগাঁও ইউনিভার্সিটির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সোনারগাঁও ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ।

ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদ বলেন, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো বৈষম্য না রেখে প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ইউজিসি কাজ করছে। বিশ্ববিদ্যালয় নতুন না পুরোনো, তা নিয়ে হতাশ হওয়ার সুযোগ নেই; বরং প্রযুক্তির সঠিক ব্যবহার করে জ্ঞান ও দক্ষতা অর্জনই মূল বিষয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সম্প্রতি এ খাতে ভ্যাট ৫ শতাংশ কমানো হয়েছে এবং আরও ৫ শতাংশ কমানোর বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে। ভ্যাট কমার ফলে যে অর্থ সাশ্রয় হবে, তা শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ, উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণায় ব্যয় করার আহ্বান জানান তিনি।

ট্রাস্টি বোর্ডের ভূমিকা নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ট্রাস্টি বোর্ডের অযাচিত হস্তক্ষেপ থাকা উচিত নয়। উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারের নেতৃত্বেই বিশ্ববিদ্যালয়ের সার্বিক প্রশাসন পরিচালিত হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হাসান এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দীন। এ ছাড়া সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের নির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা ও উপদেষ্টা আজিজুল বারী শিপুসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।