অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিডনির বন্ডাই বিচে গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) যে বন্দুক হামলার ঘটনা ঘটেছে, তাতে মোট ১৫ জন নিহত হয়েছেন।
পুলিশ বলেছে, বন্ডাই বিচে গুলি চালিয়ে যারা ১৫ জনকে হত্যা করেছে, তারা ছিল বাবা ও ছেলে। এর মধ্যে ৫০ বছর বয়সী বাবা ঘটনাস্থলেই মারা গেছেন।
পুলিশ আরো জানায়, নিহত হামলাকারী একটি ‘গান ক্লাবের’ সদস্য। তার অস্ত্র রাখার লাইসেন্স ছিলো। অন্যদিকে তার ২৪ বছর বয়সী ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
তবে তারা অস্ট্রেলিয়ার নাগরিক কি-না সে বিষয়ে পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন নিউ সাউথ ওয়েলস পুলিশের সংবাদ সম্মেলনে পরিষ্কার করে কিছু বলা হয়নি।
বন্ডাই বিচে দুই বন্দুকধারীর গুলিতে দশ বছর বয়সী একটি মেয়েসহ মোট পনের জন মারা গেছে, যাদের বয়স ১০ থেকে ৮৭ বছরের মধ্যে।
নিউ সাউথ ওয়েলসের সিডনির বন্ডাই বিচ অস্ট্রেলিয়ার সবচেয়ে সুন্দর সৈকতগুলোর একটি। সেখানে রোববার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
গতকাল যখন এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে তখন সেখানে হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিল বলে জানিয়েছে পুলিশ। তখন বন্ডাই বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুকাহ উদযাপনের অনুষ্ঠান চলছিল।



