নিজস্ব প্রতিবেদক
চলতি সেপ্টেম্বর মাসের ২৮ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা উৎসব৷ এই দূর্গাপূজা উপলক্ষে গত ছয় বছর ধরে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে আসছে বাংলাদেশ সরকার ।
তারই ধারাবাহিকতায় এবারও শর্তসাপেক্ষে ভারতে ১২০০ টন ইলিশ মাছ রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে গতবছরের তুলনায় এবার অর্ধেকে নেমে এসেছে ইলিশ রপ্তানি।
গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। যেবাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়েছে, আগ্রহী রপ্তানিকারকদের কাছ থেকে আগামী ১১ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে (বিকেল ৫টা পর্যন্ত) হার্ড কপিতে আবেদন আহ্বান করা যাচ্ছে।
আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করতে হবে।
আদেশে আরও বলা হয়, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য সাড়ে ১২ মার্কিন ডলার নির্ধারণ করেছে সরকার।
ইতিমধ্যে যাঁরা আহ্বান ব্যতিরেকেই আবেদন করেছেন, তাঁদেরও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে।
প্রসঙ্গত: গত বছরের দূর্গাপূজায় ভারতে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ । তা কমিয়ে এবার অর্ধেক ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।
টিবিএম/জ/রা



