নাজিরপুর ( পিরোজপুর) প্রতিনিধি
পুলিশের হাত থেকে বাঁচতে দির্ঘ্য সাতাশ বছর পালিয়ে ছিলেন চট্টগ্রামে। তবে শেষ রক্ষা হয়নি। মায়ের অসুস্থ্যতার খবরে বাড়িতে এসে গ্রেফতার হয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আব্দুল কুদ্দুস (৫২)।
পিরোজপুরের নাজিরপুর থানা পুলিশের হাতে গত ১২ নভেম্বর দিবাগত রাতে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত কুদ্দুসকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া কুদ্দুস উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের মান্নান হাওলাদারের ছেলে।
নজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ ভূঁইয়া
বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী আব্দুল কুদ্দুস ১৯৯৮ সালে ঝালকাঠি জেলার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। সে দীর্ঘ ২৭ বছর পলাতক ছিল।
আসামীর পরিবার সুত্রে জানা যায়, আসামী আব্দুল কুদ্দুস ঝালকাঠি জেলার মানপাশা গ্রামে আনোয়ার মোল্লার বাড়ীতে দীর্ঘদিন দৈনিক শ্রমিক হিসেবে কাজ করতেন। সেই সুবাদে আনোয়ার মোল্লার মেয়ে শাহনাজ এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি মেয়ের পরিবারে জানাজানি হলে তারা প্রেমের সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানান। তারপর তারা চট্টগ্রামে পালিয়ে গিয়ে বিশ হাজার টাকা দেনমোহরে ইসলামিক শরীয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মেয়ের পরিবার কৌশলে মেয়েকে বাড়িতে এনে আব্দুল কুদ্দুস এর নামে মামলা করেন। তারপর থেকে আব্দুল কুদ্দুস পলাতক ছিল। সম্প্রতি আসামী তার মায়ের অসুস্থতার খবর পেয়ে বাড়িতে আসলে নাজিরপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হন। আসামীকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।



