― Advertisement ―

লোহিত সাগরে আবারো জাহাজ ডুবলো হুথিদের হামলায়

আন্তর্জাতিক ডেস্কঃ

ইয়েমেনের হুথিরা রকেট চালিত গ্ৰেনেট দিয়ে আক্রমণ চালিয়ে লোহিত সাগরে আবারো একটি পণ্যবাহী জাহাজ ডুবিয়ে দিয়েছে। এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। ঘটনার পর ডুবে যাওয়া জাহাজের ছয়জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। এ খবর জানিয়েছে একটি ইউরোপীয় নৌ মিশন।

সোমবার গ্রিস পরিচালিত, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘ইটারর্নিটি সি’ ২৫ জন ক্রু সহ হামলার শিকার হয়।

ইউকেএমটি’র দাবি, ছোট একটি নৌযান থেকে ছোড়া রকেট-চালিত গ্রেনেডের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় জাহাজটি। মঙ্গলবারও আক্রমণ অব্যাহত ছিল। এর মধ্যেই রাতভর অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়েছিল।

এদিকে হুথিরা জানিয়েছে, ইসরায়েলের দিকে যাচ্ছিল বলেই তারা ইটারর্নিটি সি জাহাজে আক্রমণ করেছে এবং তারা অনির্দিষ্ট সংখ্যক ক্রুকে “নিরাপদ স্থানে” নিয়ে গেছে।

এর আগে গত রবিবার আক্রান্ত হয় জাহাজ ‘ম্যাজিক সিজে’। তবে জাহাজের ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছিল। পাশ দিয়ে যাওয়ার সময় অপর একটি বাণিজ্যিক জাহাজ তাদেরকে উদ্ধার করে।