বিনোদন ডেস্ক : গানের পাশাপাশি একটা সময় অভিনয়েও নাম লেখান তাহসান। এখন টেলিভিশনের শোর উপস্থাপক হিসেবেও দেখা যাচ্ছে। তাঁর মতে, এখন উপস্থাপনার ধরনও পাল্টে গেছে।
একটা সময় যাঁরা টেলিভিশনে উপস্থাপনা করতেন, তাঁরাই ছিলেন উপস্থাপক। এখন পডকাস্টের যুগ। উপস্থাপনার জায়গাটাও তাই অনেক বিস্তৃত।
তাহসান জানালেন, তিনি দীর্ঘ সময় ধরে জন স্টুয়ার্ট, স্টিভেন কোলবার্ট ও ট্রেভর নোয়ার উপস্থাপনা দেখেছেন।
তাহসান বললেন, ‘এই তিনজনের উপস্থাপনা বেশি দেখেছি। এত সুন্দর করে জাতীয় ও জনপ্রিয় সব ইস্যু নিয়ে কথা বলেন, মনে হয় এন্টারটেইনমেন্টের সঙ্গে অনেক শিক্ষণীয়ও।
আমাদের দেশে আমরা যেটা পারি না, শিক্ষণীয় হলে বেশি শিক্ষণীয় হয়ে যায়। আর এন্টারটেইনিং হলে বেশি এন্টারটেইনিং হয়ে যায়। যাঁরা সমাজ বদলাতে চান, তাঁরা এত বেশি উপদেশমূলক কথা বলে ফেলি যে মানুষের কাছে তা সেভাবে পৌঁছায় না। মানুষ আসলে উপদেশ শুনতে পছন্দ করে না।
কারও আবার রসবোধ এত বেশি যে শিক্ষণীয় কিছুও থাকে না। মাঝামাঝি একটা জায়গায় থাকার ব্যাপারটা অবশ্য আমি এই তিনজনের কাছ থেকে শিখেছি।
দেশের মধ্যে তিনজন উপস্থাপক তাহসানের প্রিয়। তাঁর মতে, হানিফ সংকেতই বাংলাদেশে ৩৫ বছর ধরে এন্টারটেইনমেন্ট ও শিক্ষণীয় বিষয়কে সুন্দরভাবে সমন্বয় করেছেন।
ছোটবেলায় ফজলে লোহানীর উপস্থাপনা দারুণ লাগত। এরপর আব্দুন নূর তুষারও তাহসানের খুব পছন্দের।
বিএম/জ/রা



