― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসাচ্ছে ফ্রেশ অনন্যা

নারী শিক্ষার্থীদের ঋতুকালীন স্বাস্থ্যসেবা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে দেশের মাদ্রাসাগুলোতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন শুরু করেছে ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ‘ফ্রেশ অনন্যা’। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) এই ফ্ল্যাগশিপ ব্র্যান্ডটি চলতি বছরের মার্চ থেকে ব্যতিক্রমী এই সামাজিক উদ্যোগ শুরু করে। জরুরি প্রয়োজনে যেন শিক্ষার্থীরা সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত ন্যাপকিন সংগ্রহ করতে পারেন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

ইতোমধ্যে দেশের সাতটি প্রথম সারির মাদ্রাসায় সফলভাবে এসব স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। এর ফলে হাজার হাজার নারী শিক্ষার্থী সরাসরি এই জরুরি সেবার আওতায় এলেন। কেবল যন্ত্র বসিয়েই ক্ষান্ত হয়নি প্রতিষ্ঠানটি; অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠানেই আয়োজন করা হচ্ছে বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেশন।

এই সেশনগুলোতে পিরিয়ডকালীন সঠিক স্বাস্থ্যবিধি, শারীরিক পরিচ্ছন্নতা এবং ঋতুস্রাব নিয়ে সমাজে ছড়িয়ে থাকা নানা কুসংস্কার ও ভুল ধারণা দূর করতে শিক্ষার্থীদের স্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং নারীদের কর্মক্ষেত্রেও এই সুবিধা সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে ফ্রেশ অনন্যার।

উদ্যোগটির গুরুত্ব তুলে ধরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা বলেন, “আমাদের মূল উদ্দেশ্য কেবল স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়া নয়। আমরা নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সহায়ক ও পিরিয়ডবান্ধব পরিবেশ তৈরি করতে চাই। পিরিয়ড একটি অত্যন্ত স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এ নিয়ে সামাজিক লজ্জা ভাঙা এবং সঠিক স্বাস্থ্যসামগ্রী হাতের নাগালে রাখা নারীদের মর্যাদা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।”

যেসব মাদ্রাসায় ইতোমধ্যে এই সার্ভিস চালু হয়েছে, তার মধ্যে রয়েছে মাদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট উইমেন্স কামিল মাদ্রাসা, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আল ফারুক গার্লস দাখিল মাদ্রাসা, সেরাজনগর উম্মুল কুরা মাদ্রাসা, আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা এবং নিবরাস মাদ্রাসা।

মেয়েরা যেন কোনো শারীরিক বা সামাজিক জড়তা ছাড়া নিজেদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যেতে পারেন, সেই সামাজিক লক্ষ্যেই ফ্রেশ অনন্যা দেশজুড়ে তাদের এই কার্যক্রমের পরিধি আরও বৃদ্ধি করার অঙ্গীকার ব্যক্ত করেছে।