মনপুরা (ভোলা) প্রতিনিধি : ভোলার মনপুরায় ছাত্রদল নেতা মো: রাশেদ হত্যার ঘটনায় আটককৃত ৪ জনকে চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আটককৃতরা হলেন, জসিম মিঝি, রহিম মিঝি, মামুন ডাক্তার, ও আল-আমিন চৌকিদার
শুক্রবার (২১ মার্চ) বিকেলে রিমান্ড আবেদন মঞ্জুরের বিষয়টি বরিশাল মেইল কে নিশ্চিত করেছেন মনপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আহসান কবির।
ওসি জানান, মো: রাশেদ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আটককৃত ৪ আসামীকে মনপুরা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক ৪ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলা বিএনপি অফিস চত্বরে রাশেদের জানাজার নামাজ শেষে নিজ এলাকার আবু দালাল জামে মসজিদ গোরস্থানে দাফন করা হয়।
এদিকে রাশেদ হত্যার ঘটনায় প্রথমে সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সমর্থিত উপজেলা বিএনপির একটি গ্রুপ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই হামলার জন্য দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আওয়ামীলীগকে দায়ী করে।
অপরদিকে বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থিত উপজেলা বিএনপির অপর গ্রুপ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য ডাঃ কামাল উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞিপ্তির মাধ্যমে দাবী করেন, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সমর্থিত দুই গ্রুপের দ্বন্দ্বে এ হামলা হয়েছে।
এতে নিহত হয়েছে ছাত্রদল নেতা মোঃ রাশেদ। তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ সদস্য গিয়াস উদ্দিন মিঝিকে বিএনপি আনায় হামলায় মিঝি পরিবার নেতৃত্ব দেয়।
উপজেলা যুবদলের আহবায়ক সামছুদ্দিন মোল্লা জানান, বাঁধের কাজ আওয়ামী লীগ নেতাদের নামে হলেও ৫ আগষ্টের পর ওই সব কাজ সাবেক এমপি’র সমর্থিত বিএনপি নেতারা করাচ্ছেন।
ভাগবাটোয়ারা নিয়েই সংঘাতের সূত্রপাত হয়। উপজেলা বিএনপির সভাপতি মোঃ সামসুদ্দিন বাচ্চু চৌধুরী দীর্ঘদিন বিদেশে বিলাশ জীবন কাটিয়েছেন।
৫ আগষ্টের পর এলাকায় এসে দখলবাজি শুরু করান। এমন অভিযোগও করেন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার।
উল্লেখ্য, গত বুধবার ভোলার মনপুরায় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে বেড়িবাঁধের নির্মান কাজ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সম্পাদক মোঃ রাশেদ (২৭) এর মৃত্যু হয়। গুরুত্বর আহত রাব্বি ( ২৫), সামসুদ্দিন ( ২৮), সোহান, মামুনসহ ১০ জনকে চরফ্যাশন ও মনপুরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এই ঘটনায় নিহতের বড় ভাই ১৭ জনকে আসামী ও অজ্ঞাত আরও ৮ জনকে আসামী করে মনপুরা থানায় মামলা করেন।
হামলায় জড়িতদের আটক ও বিচারের দাবীতে চরফ্যাশন-মনপুরায় দুই উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
বিএম/জ/রা



