― Advertisement ―

ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আজ শনিবার (৩ জানুয়ারি) কারাকাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছেন।

শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সামরিক বিমানঘাঁটি লা কার্লোটা এবং প্রধান সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। উভয় স্থানে বিস্ফোরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, কারাকাসে অন্তত ৭টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এই ঘটনা এমন সময়ে ঘটলো যখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ওয়াশিংটন ক্যারিবীয় সাগরে মাদক বহনের অভিযোগে স্পিডবোটে সামরিক হামলা চালিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবৈধভাবে নির্বাচিত হয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে দেশজুড়ে মাদক পাচারের সঙ্গে জড়িত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ভেনেজুয়েলা মাদক পাচার ও অপরাধের মাধ্যমে আমেরিকায় অনুপ্রবেশ ঘটাচ্ছেন।

তবে ভেনেজুয়েলা সরকার বলছে, ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপ—যার মধ্যে নিষিদ্ধ তেলবাহী ট্যাঙ্কার জব্দ করাও রয়েছে—প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেশের তেলসম্পদ নিয়ন্ত্রণের প্রচেষ্টার অংশ।

ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের এই সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছে, তারা “ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের দ্বারা সংঘটিত অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রত্যাখ্যান, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে”।