আন্তর্জাতিক ডেস্ক
ভারতের জনপ্রিয় তারকা অভিনেতা থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৬ জন প্রাণ হারিয়েছেন। তামিলনাড়ুর কারুর জেলায় গতকাল শনিবার সন্ধ্যায় পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।
নিজের সমাবেশে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন থালাপতি বিজয়।
অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া বিজয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহনীয়, ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
স্থানীয়রা জানায়, কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে থালাপতি বিজয়ের ‘ভেলিচাম ভেলিয়েরু’ নামের এক জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। তিনি বক্তব্য দেওয়ার সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে তিনি বক্তৃতা বন্ধ করতে বাধ্য হন।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, সমাবেশে ধারণার চেয়ে অনেক বেশি লোক সমাগম হয়। এতে ৩০ হাজারের মতো মানুষকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৬০ হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন।
তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন বলেন, বিজয়ের নির্বাচনী প্রচারণার সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৬ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ শিশু ও ১৬ নারী রয়েছেন।



