নিজস্ব প্রতিবেদক
বৈশাখের ১৫ তারিখ থেকে আশ্বিন মাস পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। বিগত সময়ে এ মৌসুমে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ত। অথচ ভিন্ন চিত্র এবার। চলতি মৌসুমের তিন মাস চলে গেলেও এখনো কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না জেলেদের জালে।
এদিকে নদীতে ইলিশ না পাওয়ায় নদীতীরে খতমে ইউনুস পড়ে মোনাজাত করেছেন ভোলার জেলেরা। গতকাল রবিবার (৩ আগস্ট) বিকেলে জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মহাজনকান্দি চেয়ারম্যানঘাটে এ ব্যতিক্রম আয়োজন করেন স্থানীয় জেলেরা।

এর আগে সকাল থেকেই স্থানীয় বিভিন্ন মসজিদের ইমামসহ ৬০ জন আলেমকে নিয়ে দোয়া ইউনুসের খতম পড়ানো হয়। পরে বিকেল ৩টার দিকে বৃষ্টি উপেক্ষা করে মেঘনা নদীর তীরে ইলিশের জন্য দোয়া করেন জেলেরা।
এদিকে দক্ষিণাঞ্চলের আরেক জেলা ঝালকাঠিতেও একই অবস্থা। এখানে বিশখালী নদীতে জেলেরা জাল-ট্রলার নিয়ে নদীতে গিয়ে অনেকটা খালি হাতই ফিরে আসছেন। মাঝেমধ্যে দুই-চারটি ইলিশ পেলেও তা বিক্রি করে ট্রলারের তেলের খরচ ওঠে না। ফলে জেলেরা ধার-দেনা করে অনেকটা অসহায় জীবন পার করছেন।
ঝালকাঠির রাজাপুর উপজেলার বিশখালী নদীপাড়ের (পুখরিজানা গ্রাম) বাসিন্দা মো. রুবেল হাওলাদার বলেন, ‘নদীতে মাছ আসবে কিভাবে? সাগরের মোহনা থেকেই ছোট ফাঁসের জাল ব্যবহার করে মাছের পোনাসহ ধরা হচ্ছে। ফলে নদীতে মাছের দেখা নেই। মাছ বড় হওয়ার সুজোগও পায়না।’
এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে ইলিশের মৌসুমেরও পরিবর্তন হয়েছে। এছাড়া নদীতে ডুবোচরের কারণে পানি ঘোলা থাকে। এ কারণে নদীতে ইলিশ আসছে না। সামনের পূর্ণিমায় নদীর পানি ঘোলাভাব কিছুটা কমলে নদীতে ইলিশ ধরা পড়বে বলে আশাবাদী।



