― Advertisement ―

প্রধান উপদেষ্টার সঙ্গে আইএফএডি প্রেসিডেন্টের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামে যোগদানের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রেসিডেন্ট আলভারো লারিও।

গতকাল রবিবার (১২ অক্টোবর) তারা ইতালির রোমে বৈঠকে বসেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশে তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তায় একটি সামাজিক ব্যবসা তহবিল গঠন করতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলকে (আইএফএডি) অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অধ্যাপক ইউনূস বলেন, আপনাদের আহ্বান জানাই-একটি সামাজিক ব্যবসা তহবিল গঠন করুন। এ তহবিল দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা এবং তরুণ, কৃষক, নারী ও মৎস্যজীবীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও আইএফএডির সহযোগী ভাইস প্রেসিডেন্ট ডোনাল ব্রাউন বৈঠকে উপস্থিত ছিলেন ।