নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ০২ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার): রাঙ্গামাটির গহিন পাহাড়ে ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার পেরাছড়া এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। সেনা সূত্র থেকে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউপিডিএফ (মূল) এর গোপন আস্তানার সন্ধান পায় সেনাবাহিনী। পরে তল্লাশি অভিযান শুরু করলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এতে সেনাবাহিনীর সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটলে ইউপিডিএফ (মূল) এর একজন (অজ্ঞাত পরিচয়) গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং বেশ কিছু সংখ্যক সন্ত্রাসী আহত অবস্থায় গহীন জঙ্গলে পালিয়ে যায়।

পরবর্তীতে ওই সব স্থানে তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ব্যবহৃত ০১ টি এ্যাসল্ট রাইফেল (এম-১৬), ০২ রাউন্ড এমজি/স্নাইপার এ্যমোনিশন, ৯০ রাউন্ড রাইফেল এ্যমোনিশন, ০১ টি ওয়াকি-টকি সেট ও ১২ টি মোবাইল ফোনসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের সন্ধানে সেনা অভিযান চলমান রয়েছে বলে জানায় সেনা সূত্র।



