নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: পটুয়াখালীর বড়বিঘাই ইউনিয়নের এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার ভাই মো. ইজাজ আহম্মদকে বেধড়ক মারধর ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার মা আইরিন বেগম থানায় মামলা করায় দুর্বৃত্তরা মামলা তুলে নেওয়াসহ নানাভাবে হুমকি দিচ্ছে। এই অবস্থায় ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্কুলছাত্রীর মা আইরিন বেগম।
আজ রোববার (১৬ মার্চ ) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান।
স্কুল ছাত্রীর বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের দক্ষিন কেওড়াবুনিয়া গ্রামে। স্কুল ছাত্রী ওই এলাকায় স্বেচ্ছাসেবক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
সংবাদ সম্মেলনে স্কুলছাত্রীর মা আইরিন বেগম লিখিত বক্তব্যে জানান, তার মেয়ে স্কুলে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে মো. রুম্মান নামে স্থানীয় বখাটে এক যুবক তার মেয়েকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। সে একাধিকবার প্রেমের প্রস্তাবসহ অশালীন কথাবার্তা বলতো। বিষয়টি বখাটের পরিবারের কাছে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং সে আরও বেপরোয়া হয়ে ওঠে। গত ১০ মার্চ সন্ধ্যায় স্বেচ্ছাসেবক মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে একটি দোকানের সামনে রুম্মান আবারও তার মেয়েকে উত্ত্যক্ত করে। বিষয়টি দেখে তারে ছেলে ইজাজ আহম্মদ প্রতিবাদ করে । এতে ক্ষিপ্ত হয়ে রুম্মান ও তার সহযোগীরা ছেলের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। ছেলে ইজাজ আহম্মদ গুরুতর আহত হয়ে এখন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এ ঘটনায় গত ১৩ মার্চ পটুয়াখালী সদর থানায় আইরিন বেগম বাদী হয়ে মামলা করেন।
এদিকে মামলা দায়েরের পর আইরিন বেগম ও তার পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা । সংবাদ সম্মেলনে তিনি তার মেয়েকে উত্ত্যক্তকারীসহ জড়িতদের গ্রেফতারসহ বিচার দাবি করছেন ।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।



