বরিশাল মেইল ডেস্ক
চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। ২৩ সদস্যের ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দেশটির স্থানীয় ক্লাব বোতাফোগোতে খেলা স্ট্রাইকার ইগর জেসুস ও ফরাসি ক্লাব লিয়নের ডিফেন্ডার আবনার। এ ছাড়া আসন্ন দুই ম্যাচের জন্য দলে ফিরেছেন ফরোয়ার্ড রাফিনিয়া ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং ডিফেন্ডার ব্রেমার ও ভেন্ডারসন।
এদিকে ইনজুরির কারণে দলে ফিরতে দেরি হচ্ছে ব্রাজিল তারকা নেইমারের। এক বছর ধরে মাঠের বাইরে থাকা নেইমার কবে নাগাদ তিনি মাঠে ফিরবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সমর্থকরা যখন নেইমারের অপেক্ষায় প্রহর গুনছে তখন নেইমারের জন্য সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানালেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
নেইমারের ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জানি সে (নেইমার) আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা তার অপেক্ষায় আছি। আমাদের ধৈর্য ধরতে হবে। সে অক্টোবর, নভেম্বর বা ফেব্রুয়ারিতে ফিরবে কি না, সেটা কোনো ব্যাপার না। তাকে আত্মবিশ্বাসী এবং পুরোপুরি ফিট হতে হবে।’
আগামী ১১ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সকাল ৬টায় ব্রাজিল চিলির মুখোমুখি হবে। ম্যাচটি হবে চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে। ১৬ অক্টোবর সকাল ৬টা ৪৫ মিনিটে ব্রাজিল পরের ম্যাচটি খেলবে ঘরের মাঠ মানে গারিঞ্চা ন্যাশনাল স্টেডিয়ামে, প্রতিপক্ষ পেরু।
সব মিলিয়ে এখন পর্যন্ত চিলি ও ব্রাজিল মুখোমুখি হয়েছে ১৭ বার। তার মধ্যে ব্রাজিল জিতেছে ১৩ ম্যাচে, ৩ ম্যাচ ড্র ও এক ম্যাচে জিতেছে চিলি। অপরদিকে, ব্রাজিল ও পেরু মুখোমুখি হয়েছে ১৬ বার। সেলেসাওরা জিতেছে ১২টি ম্যাচ, পেরুর জয় দুই ম্যাচে, বাকি দুই ম্যাচ ড্র হয়েছে।
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বর্তমানে ব্রাজিলের অবস্থান পাঁচে। ৮ ম্যাচে তিন জয়, এক ড্র এবং চারটি হার নিয়ে তাদের পয়েন্ট মাত্র ১০। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে তাদের ওপরের স্থান ইকুয়েডরের। এ ছাড়া ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আর্জেন্টিনা, ১৬ পয়েন্ট নিয়ে কলম্বিয়া দুইয়ে এবং ১৫ পয়েন্ট নিয়ে উরুগুয়ে তিনে অবস্থান করছে।
ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক : অ্যালিসন বেকার, বেন্তো ম্যাথিউস ও এডারসন মোরায়েস
ডিফেন্ডার : দানিলো, ভেন্ডারসন, আবনার, গুইলার্মে অ্যারানা, ব্রেমার, এডার মিলিটাও, গ্যাব্রিয়েল মাগালায়েস ও মার্কিনিয়োস
মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গুইমারেস, গার্সন, লুকাস পাকেতা ও রদ্রিগো গোয়েস
ফরোয়ার্ড : এন্ড্রিক, ইগর জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, লুইস হেনরিক, রাফিনিয়া, স্যাভিনিও ও ভিনিসিয়ুস জুনিয়র।



